পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে কোনও সরকারি অনুমোদন ছাড়াই শিক্ষার্থী ভর্তি ও সার্টিফিকেট দেওয়ার অভিযোগে ৩২টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কমিশন ছাত্রছাত্রী ও অভিভাবকদের সতর্ক করে জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলির দেওয়া ডিগ্রি চাকরি বা উচ্চশিক্ষার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। ২০২৬ সালের তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ভুয়ো বিশ্ববিদ্যালয় রয়েছে দিল্লি–তে (১২টি)। এরপর রয়েছে উত্তরপ্রদেশ (৪টি)। এছাড়া অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, মহারাষ্ট্র, পুদুচেরি এবং পশ্চিমবঙ্গ–এ দু’টি করে এবং অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ঝাড়খণ্ড ও রাজস্থানে একটি করে ভুয়ো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান মিলেছে।
পশ্চিমবঙ্গের তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠান হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন (কলকাতা) এবং ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ (ঠাকুরপুকুর)। ইউজিসি স্পষ্ট জানিয়েছে, এই প্রতিষ্ঠানগুলি রাজ্য বা কেন্দ্রীয় সরকারের স্বীকৃত নয় এবং এখানকার সার্টিফিকেটের কোনও আইনি বৈধতা নেই। কমিশন শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছে, ভর্তি হওয়ার আগে অবশ্যই প্রতিষ্ঠানের স্বীকৃতি যাচাই করতে এবং সন্দেহজনক প্রতিষ্ঠান থেকে দূরে থাকতে।




























