পুবের কলম, কলকাতা: প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়ের আকস্মিক প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই অভিজ্ঞ নেতার মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে শোকের আবহ। মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বার্তায় বলেন, মুকুল রায় ছিলেন তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী এবং বহু আন্দোলন-সংগ্রামের সহযোদ্ধা। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠালগ্ন থেকে দলের জন্য তাঁর অবদান স্মরণ করে তিনি জানান, বাংলার রাজনীতিতে মুকুলের সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়কে মানসিকভাবে দৃঢ় থাকার আহ্বান জানিয়ে আশ্বাস দেন যে এই কঠিন সময়ে দল তাঁর পাশে রয়েছে।
অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোকবার্তায় বলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে মুকুল রায়ের রাজনৈতিক অভিজ্ঞতা ও সমাজসেবামূলক কাজ স্মরণীয় হয়ে থাকবে। তিনি প্রয়াত নেতার পরিবার ও সমর্থকদের প্রতি গভীর সমবেদনা জানান। কংগ্রেস থেকে রাজনৈতিক পথচলা শুরু করে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে উঠে আসা মুকুল রায় পরবর্তী সময়ে বিজেপিতে যোগ দেন এবং পরে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেন। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনসহ একাধিক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দলমত নির্বিশেষে শোকপ্রকাশ করছেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও কর্মীরা।



































