রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভাগবত দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। উত্তরাখণ্ড–এ প্রণীত মডেল অনুসরণ করে এটি কার্যকর করা সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
সোমবার সন্ধ্যায় আরএসএসের ১০০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রাক্তন সেনাসদস্যদের এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভাগবত বলেন, “ইউসিসি বাস্তবায়িত হলে খুব ভালো হবে… এটি যদি সারা দেশে কার্যকর হয় তবে আরও ভালো। আমি মনে করি, এটি এইভাবেই (উত্তরাখণ্ডের মতো) বাস্তবায়ন করা উচিত।”
গত বছরের ২৭ জানুয়ারি উত্তরাখণ্ড দেশে প্রথম রাজ্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করে।
সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য ইউসিসি অপরিহার্য উল্লেখ করে আরএসএস প্রধান বলেন, উত্তরাখণ্ডের খসড়া প্রস্তাব জনমতের জন্য উন্মুক্ত করার পর প্রায় ৩ লাখ মানুষের কাছ থেকে পরামর্শ পাওয়া যায়, যেগুলো সবই পর্যালোচনা করা হয়েছে।
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে জাতভিত্তিক বৈষম্য রোধে প্রণীত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)–এর বিধিমালা সম্পর্কে, যা ভারতের সুপ্রিম কোর্ট স্থগিত রেখেছে, এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান ভাগবত। তিনি বলেন, বিষয়টি বর্তমানে সর্বোচ্চ আদালতে বিচারাধীন।
সেনা ও আধাসামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি বলেন, দেশ স্বাধীন হলেও স্বাধীনতা রক্ষায় প্রতিরক্ষা বাহিনীর প্রয়োজন সবসময় থাকবে।
তিনি আরও বলেন, সংঘ কোনো বাহ্যিক সম্পদ ছাড়াই প্রতিষ্ঠিত হয়েছে এবং দু’বার কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া সত্ত্বেও সমাজের আত্মবিশ্বাসের জোরে এগিয়ে গেছে।
ভাগবত প্রাক্তন সেনাসদস্যদের সংঘের শিবির ও কর্মসূচিতে অংশ নিয়ে স্বেচ্ছাসেবকদের নিষ্ঠাবান কাজ প্রত্যক্ষ করার এবং নিজেদের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান।
২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
উত্তরাখণ্ডের মতো দেশব্যাপী অভিন্ন দেওয়ানি বিধির পক্ষে মোহন ভাগবত
-
মোক্তার হোসেন মন্ডল - আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার
- 12
ট্যাগ :
সর্বধিক পাঠিত





























