পুবের কলম, ওয়েবডেস্ক: ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রাম বিস্ফোরণের ঘটনায় বাড়ছে মৃতের মিছিল। বুধবার ভোররাতে কলকাতার এম আর বাঙ্গুর হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু হলো ৯ বছর বয়সী নাবালক সাদিকুল আহমেদের। গত ১৭ ফেব্রুয়ারি থেকে শরীরের গুরুতর ক্ষত নিয়ে চিকিৎসাধীন ছিল সে। এই নিয়ে ওই মর্মান্তিক ঘটনায় মৃত্যুর সংখ্যা বাড়ল। এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আরও দু’জন।
ঘটনাটি ঘটেছিল গত ১৭ ফেব্রুয়ারি, দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের খড়গাছি চাঁদপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকায় রাস্তা সারাইয়ের কাজ চলছিল। সেই উদ্দেশ্যেই রাস্তার ধারে রাখা ছিল বেশ কিছু কেমিক্যাল ভর্তি ড্রাম। সাদিকুল ও তার সঙ্গীরা বাড়ির সামনেই খেলছিল। অভিযোগ, কোনোভাবে ওই কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। সাদিকুল-সহ মোট তিনজন সেই আগুনের গ্রাসে দগ্ধ হয়। বিস্ফোরণের পর দগ্ধ তিনজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়।


































