পুবের কলম প্রতিবেদক, কলকাতা: রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল ঘটল। আইপিএস অফিসার জাভেদ শামিমকে এডিজি পদ থেকে উন্নীত করে ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের জারি করা বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতদিন তিনি এডিজি ও আইজিপি (এসটিএফ) হিসেবে কর্মরত ছিলেন এবং পাশাপাশি গোয়েন্দা বিভাগ (আইবি)-র অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন। নতুন নির্দেশিকা অনুযায়ী, পদোন্নতির পর তিনি ‘ডিরেক্টর জেনারেল অ্যান্ড ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, এসটিএফ’ হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে আইবি-র ডি.জি. ও আইজিপি পদের অতিরিক্ত দায়িত্বও তাঁর হাতেই থাকছে।
নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্যপালের অনুমোদনক্রমেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ১৯৯৫ ব্যাচের এই আইপিএস অফিসার দীর্ঘদিন ধরে রাজ্য পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে গোয়েন্দা বিভাগ এবং স্পেশাল টাস্ক ফোর্সের কাজে তাঁর অভিজ্ঞতা উল্লেখযোগ্য। প্রশাসনিক মহলের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিশেষ অভিযানের প্রয়োজনীয়তা বিবেচনা করেই তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ মার্চ ২০২৬ থেকে পদোন্নতি কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জোড়া দায়িত্বেই বহাল থাকবেন।


































