প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইজরায়েল সফর ঘিরে কূটনৈতিক উষ্ণতা আরও একধাপ এগোল। ভারতীয় সময় বুধবার গভীর রাতে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। সেখানে নরেন্দ্র মোদি সাধারণত পরেন এমন পোশাকে দেখা যায় তাঁকে, আর পোস্টের ক্যাপশনও ছিল হিন্দিতে।
ভিডিওতে দেখা যায়, শার্ট-প্যান্টের উপর হাফহাতা, একাধিক বোতামওয়ালা ‘জহর কোট’ পরেছেন নেতানিয়াহু। হাসিমুখে এগিয়ে গিয়ে করমর্দন করেন মোদির সঙ্গে। অন্যদিকে মোদির পরনে ছিল কুর্তা-পাজামা ও মিলতিজুলতি কোট, সঙ্গে গলায় মাফলার। ক্যাপশনে নেতানিয়াহু লেখেন, নৈশভোজের আগে ভারতীয় পরম্পরার পোশাক পরে তিনি তাঁর বন্ধু প্রধানমন্ত্রী মোদিকে চমকে দিয়েছেন।
পোশাকের এই কূটনৈতিক বার্তার পাশাপাশি সফরজুড়ে ভারত-ইজরায়েল সম্পর্কের কৌশলগত গুরুত্বও স্পষ্ট হয়েছে। কেনেসেট–এ বক্তৃতা দেন মোদি—এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ইজরায়েল সংসদে ভাষণ দিলেন। সেখানে তিনি গাজায় শান্তি প্রতিষ্ঠার পক্ষে ভারতের অবস্থান স্পষ্ট করেন এবং সন্ত্রাসবাদকে কোনওভাবেই সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেন।
একই দিনে মোদিকে ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’ সম্মানে ভূষিত করা হয়। কেনেসেটের স্পিকার আমির ওহানা তাঁর হাতে এই সম্মান তুলে দেন। ভারত-ইজরায়েল কৌশলগত সম্পর্ক জোরদারে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রদান করা হয়েছে।
ভাষণে মোদি বলেন, গাজায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার পথ সহজ নয়, তবে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। হামাসের হামলার নিন্দা জানালেও তিনি আলোচনার মাধ্যমে স্থায়ী শান্তির ওপর জোর দেন।
উল্লেখযোগ্যভাবে, গাজা ইস্যুতে আন্তর্জাতিক পরিসরে সক্রিয় ভূমিকা রাখছে ভারত। একই সঙ্গে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন দিশা মিলছে এই সফরে।






























