পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটের দিন ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর রবিবার থেকেই প্রথম দফার বাহিনী রাজ্যে পৌঁছবে। ইতিমধ্যে কোথায় কত বাহিনী মোতায়েন হবে, তার প্রাথমিক তালিকাও চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।
সূত্রের খবর, সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলায়—১৪ কোম্পানি। কলকাতা ও মালদায় থাকছে ১২ কোম্পানি করে। এছাড়া দার্জিলিংয়ে ৬, শিলিগুড়িতে ৩, কালিম্পংয়ে ৩, কোচবিহারে ৯, আলিপুরদুয়ারে ৫, জলপাইগুড়িতে ৭, ইসলামপুরে ৫, রায়গঞ্জে ৬, দক্ষিণ দিনাজপুরে ১০, মুর্শিদাবাদে ৮, জঙ্গিপুরে ৮, কৃষ্ণনগরে ৬, রানাঘাটে ৬, হাওড়ায় ৭, হাওড়া গ্রামীণে ৮, হুগলি গ্রামীণে ৬, চন্দননগরে ৮, বনগাঁয় ৪, বসিরহাটে ৭, বারাকপুরে ৯, বিধাননগরে ৪, বারুইপুরে ৫, ডায়মন্ড হারবারে ৬, সুন্দরবনে ৪, পূর্ব বর্ধমানে ৮, পশ্চিম মেদিনীপুরে ৭, ঝাড়গ্রামে ৫, বাঁকুড়ায় ৭, পুরুলিয়ায় ৫ এবং বীরভূমে ৭ কোম্পানি মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। নির্দেশ দেওয়া হয়েছে, বাহিনী এসে নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে না; দ্রুত এলাকাভিত্তিক টহল ও মহড়া শুরু করতে হবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও পুলিশ মহাপরিদর্শকের কাছে চিঠি পাঠিয়ে মোট ৪৮০ কোম্পানি বাহিনী মোতায়েনের কথা জানিয়েছে। প্রথম দফায় ২৪০ কোম্পানির মধ্যে থাকবে ১১০ কোম্পানি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, ৫৫ কোম্পানি সীমান্ত রক্ষা বাহিনী, ২১ কোম্পানি শিল্প নিরাপত্তা বাহিনী, ২৭ কোম্পানি ভারত-তিব্বত সীমান্ত পুলিশ এবং ২৭ কোম্পানি সশস্ত্র সীমা বল। দ্বিতীয় দফায় ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি আধাসেনা রাজ্যে আসার কথা রয়েছে। এর মধ্যে থাকবে ১২০ কোম্পানি কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, ৬৫ কোম্পানি সীমান্ত রক্ষা বাহিনী, ১৬ কোম্পানি শিল্প নিরাপত্তা বাহিনী, ২০ কোম্পানি ভারত-তিব্বত সীমান্ত পুলিশ ও ১৯ কোম্পানি সশস্ত্র সীমা বল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে ঘিরে কিছু এলাকায় উত্তেজনার আশঙ্কা থাকায় আগাম এই মোতায়েন বলে মনে করা হচ্ছে। কমিশনের মতে, শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতেই এই প্রস্তুতি।





































