পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ আইনি লড়াই শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল আম আদমি পার্টি। দিল্লির বিতর্কিত আবগারি নীতি সংক্রান্ত দুর্নীতি মামলায় শুক্রবার আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং মনীশ সিসোদিয়াকে রেহাই দিল রাউস অ্যাভিনিউ কোর্ট। বিশেষ আদালতের বিচারক জিতেন্দ্র সিং এই দুই হেভিওয়েট নেতাকে নির্দোষ ঘোষণা করে ‘ক্লিন চিট’ দিয়েছেন।
এ দিন রায় ঘোষণার সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন বিচারক। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, তদন্তকারী সংস্থা পেশ করা চার্জশিটে অসংখ্য ত্রুটি ও ফাঁকফোকর রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতির উপযুক্ত তথ্যপ্রমাণ আদালতে পেশ করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় সংস্থা। অপ্রয়োজনীয় দীর্ঘসূত্রিতা এবং তদন্তে গাফিলতির জন্য আদালত CBI-কে ভর্ৎসনা করে।
শুধুমাত্র কেজরিওয়াল বা সিসোদিয়া নন, এই মামলায় নাম জড়িয়ে থাকা আরও ২৩ জন অভিযুক্তকেও আদালত মুক্তি দিয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই আইনি প্রক্রিয়ায় এটিই সম্ভবত সবথেকে বড় মোড়। বিচারক সিং সাফ জানান, চার্জশিটের দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়ে কাউকে সাজা দেওয়া সম্ভব নয়।




























