পুবের কলম, ওয়েবডেস্ক: শিশুদের মানসিক স্বাস্থ্যের অবনতি এবং মেধা হ্রাসের আশঙ্কায় এক বৈপ্লবিক পদক্ষেপ নিতে চলেছে পোল্যান্ড সরকার। দেশটিতে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার লক্ষ্যে একটি নতুন খসড়া আইন প্রস্তাব করা হয়েছে। শুক্রবার ক্ষমতাসীন ‘সিভিক কোয়ালিশন’ দল এই আইনের রূপরেখা পেশ করবে।
পোল্যান্ডের শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, প্রস্তাবিত এই আইনের অধীনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে বাধ্যতামূলকভাবে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। যদি কোনো প্ল্যাটফর্ম ১৫ বছরের কম বয়সী শিশুদের জন্য উন্মুক্ত থাকে, তবে সেই সংস্থাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। জরিমানার পরিমাণ কত হবে, তা নিয়ে বর্তমানে আলোচনা চলছে। শিক্ষামন্ত্রী নোওয়াকা উদ্বেগের সাথে বলেন, “আমরা শিশুদের মানসিক স্বাস্থ্যের অবনতি এবং তাদের বৌদ্ধিক সক্ষমতা কমে যেতে দেখছি। শিশুদের রক্ষা করা প্রতিটি রাষ্ট্রের কর্তব্য।”
পোল্যান্ড সরকার আশা করছে, যাবতীয় প্রক্রিয়া শেষে ২০২৭ সালের শুরুর দিকেই এই আইন দেশজুড়ে কার্যকর হবে। ন্যাটোর সদস্য এবং আমেরিকার মিত্র দেশ হওয়া সত্ত্বেও, শিশুদের সুরক্ষার প্রশ্নে কোনো আপস করতে রাজি নয় ওয়ারশ। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়াকে ‘ক্ষতিকারক’ এবং ‘আসক্তিময়’ হিসেবে চিহ্নিত করে পোল্যান্ড ছাড়াও ইউরোপের বেশ কিছু দেশ একই পথে হাঁটছে। ডেনমার্ক, ফ্রান্স ও স্পেন ইতিমধ্যে তরুণ ব্যবহারকারীদের এক্সেস সীমিত করতে পদক্ষেপ করেছে।

































