পুবের কলম, ওয়েবডেস্ক: কেরালার কোঝিকোডে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। শনিবার ভোররাতে কোঝিকোড-এর নাল্লাম মডার্ন বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাত তিনটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে। হতাহতরা সকলেই পেশায় মোবাইল টাওয়ার টেকনিশিয়ান ছিলেন। সারারাত টাওয়ার মেরামতির কাজ শেষ করে একটি ছোট গাড়িতে চেপে তাঁরা ফিরছিলেন। পথে নাল্লাম মডার্ন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা মারে।
ভোররাতে বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুমড়েমুচড়ে যাওয়া গাড়ি থেকে পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ৪ জনকে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করেছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক অনুমান, ভোরের কুয়াশা বা চালকের ক্লান্তির কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই মর্মান্তিক পরিণতি।






























