পুবের কলম, ওয়েবডেস্ক: আমেরিকা, ইজ়রায়েল এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এক ভয়াবহ রূপ নিয়েছে। পশ্চিম এশিয়ার এই অস্থির পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বিমান চলাচলে বড়সড় বিপর্যয় নেমে এসেছে। নিরাপত্তার স্বার্থে ভারতসহ বিশ্বের একাধিক প্রথম সারির বিমান সংস্থা পশ্চিম এশিয়ায় তাদের সমস্ত ফ্লাইট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরিস্থিতি পর্যালোচনার পর ভারতের দুই প্রধান বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো পশ্চিম এশিয়ামুখী তাদের সমস্ত উড়ান বাতিলের ঘোষণা করেছে। শুধুমাত্র ভারতীয় সংস্থাই নয়, আন্তর্জাতিক স্তরেও একই পদক্ষেপ নেওয়া হয়েছে। কাতার এয়ারওয়েজ এবং জার্মানির লুফথানসা আপাতত এই অঞ্চলে তাদের পরিষেবা বন্ধ রেখেছে। সংঘাতপূর্ণ এলাকার আকাশসীমা এড়িয়ে চলার জন্য অনেক বিমান সংস্থাকেই তাদের যাত্রাপথ পরিবর্তন করতে হচ্ছে, যার ফলে আন্তর্জাতিক সফরের সময় ও খরচ—উভয়ই বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে যুদ্ধ পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ইজ়রায়েলে নিযুক্ত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে একটি জরুরি সতর্কতা জারি করা হয়েছে। সেখানে বসবাসকারী ভারতীয় নাগরিক, বিশেষ করে পড়ুয়া এবং প্রবাসী শ্রমিকদের জন্য নিম্নলিখিত নির্দেশিকা দেওয়া হয়েছে। ভারতীয়দের অপ্রয়োজনে ঘরের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের দেওয়া নিরাপত্তা বিধি মেনে চলতে এবং প্রয়োজনে নিকটবর্তী বাঙ্কারে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যেকোনো জরুরি প্রয়োজনে দূতাবাসের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ইরান ও ইজ়রায়েলের মধ্যে সরাসরি সংঘাতের আবহে আমেরিকার হস্তক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়তে পারে।






























