পুবের কলম ওয়েবডেস্ক : সাপের গায়ে পশম, এটাও বাস্তব! এরকম একটি পশমযুক্ত সবুজ সাপের খোঁজ মিলেছে থাইল্যান্ডের জলাভূমিতে। স্থানীয়রা হতবাক, এর আগে এমন প্রাণী কখনো দেখেননি তারা। চেহারার বৈচিত্রের কারণে গবেষকরা এই প্রাণীর নামকরণ করেছেন ‘গ্রিন ফারি স্নেক’।
নিউজভিত্তিক ওয়েবসাইট থাইগারের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব থাইল্যান্ডের সাখোন নাখোন প্রদেশের তু নামে এক স্থানীয় ব্যক্তি পশমযুক্ত সাপটি খুঁজে পান। সম্প্রতি আবিষ্কৃত এই সাপটির দেহে আঁশ নয়, বরং সাপের গায়েই থরে থরে সাজানো রয়েছে পশম। আর সেই পশমের রং বেশ গাঢ় সবুজ।
গত মাসের শেষের দিকে হাঁটার সময় এই অদ্ভুত দর্শন সাপটিকে দেখতে পান এক ব্যক্তি।পরিবারের সদস্যদের দেখানোর জন্য একটি জারে করে তিনি তা বাড়িতে নিয়ে যান। এমন সাপ দেখে তারাও হতভম্ব হয়ে যায়। কেউ সাপটিকে চিনতে পারছে কিনা তা বোঝার জন্য ওই পরিবারের একজন সাপটির ছবি তোলে এবং ভিডিও অনলাইনে পোস্ট করে। ফেসবুক পোস্টে নানা জন সাপটিকে নিয়ে নানা মন্তব্যও করেন ।




























