পুবের কলম, ওয়েবডেস্ক: তীব্র অর্থনৈতিক সংকট। রাজপথে বিক্ষোভ-প্রতিবাদ। এরই মাঝে বড় ঘোষণা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর। পরিস্থিতির দায় কাঁধে নিয়ে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পর থেকে এমন জাতীয় বিপর্যয় দেখেনি দ্বীপরাষ্ট্রটি।
জানা যায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং তাঁর ছোট ভাই গোটবায়া রাজাপক্ষে জরুরি বৈঠক করেছেন। এতে চলমান রাজনৈতিক সংকটের সমাধান হিসাবে প্রধানমন্ত্রী মাহিন্দাকে ক্ষমতা থেকে সরে যেতে অনুরোধ করেন গোটাবায়া। এর কয়েকদিন পরই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মাহিন্দা। আপাতত প্রেসিডেন্ট গোটাবায়া চাইছেন অর্থনৈতিক অস্থিরতা কাটাতে ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় একটি অন্তর্বর্তী প্রশাসন।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভের পর সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দা দেখছে শ্রীলঙ্কা। দেশে ঘাটতি রয়েছে বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি এবং ওষুধে বাজারে। শ্রীলঙ্কা সরকার দেশব্যাপী কারফিউ জারি করেছে। সোমবার রাজাপক্ষে পদত্যাগ করার পর শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী চান্না জয়াসুমানাও পদত্যাগ করেন। তাঁর পদত্যাগ পত্র প্রেসিডেন্টের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
প্রেসিডেন্টের এক মুখপাত্র বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টি নিশ্চিত করতে প্রেসিডেন্ট কঠোর আইন প্রয়োগ করেছেন। শুক্রবার মধ্যরাত থেকে জরুরি অবস্থা কার্যকর হয়েছে। এতে দেশের নাগরিকরা ক্ষুব্ধ হয়েছেন।
গতকাল রাজধানীতে ফাঁকা সিলিন্ডার নিয়ে বিক্ষোভ করেছে বহু মানুষ। এক পর্যায়ে ট্রাক ভর্তি গ্যাস সিলিন্ডারের জন্য সংঘর্ষ বেধে যায়। চলে লুটপাট। সরকারি বাহিনীর হামলায় আহত হয়েছেন শতাধিক প্রতিবাদী।




























