পুবের কলম, ওয়েবডেস্ক: করোনা ভাইরাসের আতঙ্ক এখনও মানুষের মধ্যে থেকে কাটেনি। মহারাষ্ট্রে বাড়ছে সংক্রমণ। দেশে ফের বাড়ছে সংক্রমণের মাত্রা। কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান বলছে, ভারতে নতুন কেস ৪৫১৮। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯ জনের। ২৭৭৯ সুস্থ হয়ে উঠেছে। সব চেয়ে বেশি আক্রান্তের সংখ্যা রয়েছে কেরল ও মহারাষ্ট্রে।
এবার সেই আতঙ্কের মধ্যে কেরলে নতুন করে এক আতঙ্ক দেখা দিয়েছে। যার নাম নরভাইরাস। কেরলে দুই শিশুর শরীরে ইতিমধ্যেই দানা বেধেছে এই ভাইরাস। চিকিৎসকেরা জানিয়েছেন, মূলত খাবার এবং জলের মধ্যে দিয়ে এই ভাইরাস শরীরে প্রবেশ করছে।
কেরলে চূড়ান্ত সতর্কবার্তা জারি করা হয়েছে। এই ভাইরাসে আক্রান্তদের মধ্যে বমি ও ডাইরিয়ার মতো উগসর্গ দেখা দিচ্ছে। সেই সঙ্গে পেট ব্যথা, জ্বর, মাথাব্যথা, শরীরে ব্যথা হচ্ছে। আক্রান্ত দুই শিশুর তিরুবনন্তপুরমের প্রাইমারি স্কুলের পড়ুয়া।
কেরলের শিক্ষামন্ত্রী ভি শিভানকুট্টি স্কুলগুলিকে মিড-ডে মিল রান্নার সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছেন।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ভিনা জর্জ বলেছেন, ‘এই ভাইরাস খুবই সংক্রামক। সমগ্র পরিস্থির উপরে নজর রাখা হচ্ছে। রাজ্যের বিভিন্ন স্কুলগুলিকেও এই ভাইরাস সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, এই সংক্রমণ এড়াতে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে অভিভাবকদের। সেই সঙ্গে বেশি করে জল খাওয়া, বার বার হাত ধুতে হবে। বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। তবে প্যানিক করার প্রয়োজন নেই।




























