পুবের কলম ওয়েবডেস্ক: মধ্য মেক্সিকোর একটি বারে বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায় হামলাকারী। তাতেই ১০ জন নিহত হন। চলতি বছরের মে মাসে একইরকম হামলা চলেছিল মেক্সিকোর সেলায়া শহরে। সেবারও বারে বন্দুকধারীর হামলায় ১০ জনের প্রাণ গিয়েছিল। গত কয়েক বছরে প্রতিবেশী আমেরিকার মতোই বন্দুক হামলায় বিপর্যস্ত মেক্সিকো। মে মাসের হামলার আগে মার্চে মেক্সিকোয় একটি হামলায় ১৯ জন নিহত হয়েছিলেন। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে গুয়ানাজুয়াতো প্রদেশে ৬ জনকে হত্যা করা হয়। সিলাও পুর এলাকায় চার মাসে এমন হামলা হয়েছে পাঁচটি। ২০০৬ সালের ডিসেম্বর থেকে মাদকবিরোধী অভিযান শুরু করে মেক্সিকো প্রশাসন। এরপর থেকে এখনও পর্যন্ত ৩ লক্ষ ৪০ হাজার হত্যাকাণ্ড ঘটেছে দেশটিতে। এ নিয়ে চিন্তিত মেক্সিকো সরকার।
































