পুবের কলম,ওয়েবডেস্ক: অমিত শাহ, একনাথ শিণ্ডে ও দেবেন্দ্র ফড়নবিস যদি তিন ঘণ্টা রোদের মধ্যে বসে থাকেন, তাহলে আমি তাঁদের ১০ লক্ষ টাকা পুরষ্কার দেব। মহারাষ্ট্রে সানস্ট্রোকে মৃত্যু ঘটনার পর মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন এআইএমআইএম সাংসদ ইমতিয়াজ জলিল।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উদ্যোগে মহারাষ্ট্র সরকারের তত্ত্বাবধানে সমাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারীকে সম্মান জানাতে রবিবার ভূষণ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে সানস্ট্রোকে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল আরও অনেকে। তারপরেই এহেন প্রস্তাব দিয়েছে সাংসদ জলিল।
এদিন তিনি আরও বলেন, যে ব্যক্তি মহারাষ্ট্র ভূষণ পুরষ্কার পেয়েছেন, তাঁকে আমার আন্তরিক শুভেচ্ছা। তবে অনুষ্ঠান দেখতে আসা লক্ষ লক্ষ মানুষদের কথা না ভেবে তীব্র গরমের মধ্যে এই রকম প্রোগ্রামের আয়োজনের আমি তীব্র বিরোধিতা করি। মাথার উপর চাঁদিফাটা রোদ। নেই কোনও শেড। সেই গরমেই ভিড়ে ঠাসা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এটা সত্যি অমানবিক এক ঘটনা।




























