পুবের কলম ওয়েবডেস্ক: শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। এই নিয়ে মোট ৮ বার এশিয়া কাপ জিতল টিম ইন্ডিয়া। রবিবার ফাইনালে মুহাম্মদ সিরাজের দাপটে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কান ব্রিগেড গুটিয়ে যায় মাত্র ৫০ রানে। জবাবে মাত্র ৬.১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ভারত ৫১ রান তুলে ম্যাচ জিতে নেয়। দুই ওপেনার ইশান কিশান (২৩) এবং শুভমান গিল (২৭) অপরাজিত থাকেন।
এ দিন মুহাম্মদ সিরাজ ৭ ওভারে মাত্র ২১ রান খরচ করে ৬টি উইকেট দখল করেন। তার মধ্যে প্রথম চারটি উইকেট পেয়েছেন এক ওভারে। তিনিই ভারতের প্রথম বোলার যিনি ওয়ানডে ক্রিকেটে এক ওভারে চার উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। এরই মধ্যে ১৬ বলে পাঁচ উইকেট নিয়ে ওয়ানডেতে শ্রীলঙ্কা চামিন্ডা ভাসের বিশ্বরেকর্ডও স্পর্শ করলেন সিরাজ। এতদিন পর্যন্ত ভাসই সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার মালিক ছিলেন। পাশাপাশি ম্যাচে তিনটি উইকেট দখল করেন হার্দিক পান্ডিয়া। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন কুশল মেন্ডিস।





























