পারিজাত মোল্লা: সোমবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি হল না। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মামলার শুনানি। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের চিঠি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই। এমনই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
সুপ্রিম নির্দেশে পরে সেই মামলার বেঞ্চ বদল হলেও পূর্ববর্তী নির্দেশে কোনও বদল ঘটেনি। এরেই মধ্যে গত শুক্রবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তলবে সাড়া দিয়ে শনিবার নিজাম প্যালেসে হাজিরাও দেন অভিষেক। টানা ৯ ঘণ্টা জেরাপর্ব চলে। কিন্তু ওইদিনই সুপ্রিম কোর্টে আবেদন জানান তাঁর আইনজীবীরা। সোমবার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়েছিল। কিন্তু সেই মামলা পিছিয়ে গেল। আগামী ২৬ মে অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বিশেষ বেঞ্চে হবে এই মামলার শুনানি।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ রায় ও বিচারপতি সঞ্জয় কারোলের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে ছিল অভিষেকের মামলার শুনানি। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানান অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালত কে জানান, -‘ তাঁর মক্কেল (অভিষেক) রাজনৈতিক কর্মসূচির জন্য শহরের বাইরে ছিলেন। সেই সময়ই নোটিস পাঠিয়ে তাঁকে ডেকে পাঠায় সিবিআই।
প্রসঙ্গত , গত শনিবার সকালে সুপ্রিম কোর্টে স্পেশ্যাল রিট পিটিশন দাখিল করেছিলেন আইনজীবী সিংভি। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন জানান আভিষেক। সেই কথা চিঠি লিখে সিবিআইকে জানিয়েও ছিলেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত শুক্রবার সিবিআইয়ের নোটিস হাতে পেয়েই তৃণমূলের নবজোয়ার কর্মসূচির ফেলে কলকাতায় ফেরেন অভিষেক। শনিবার সকালে হাজির হন নিজাম প্যালেসে সিবিআই দফতরে। সেখানে সোয়া ন’ঘণ্টারও বেশি সময় ধরে অভিষেককে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। আগামী শুক্রবার সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি রয়েছে বলে জানা গেছে।





























