দ্রুতগতির ট্রাকের সঙ্গে পুলিশ টহল ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশকর্মীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে ৪৯ নম্বর জাতীয় সড়কে ঝাড়সুগুড়া সদর থানার কাছে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে, তবে আহত অবস্থায় তিনিও হাসপাতালে চিকিৎসাধীন।
ঝাড়সুগুড়ার পুলিশ সুপার গুন্ডালা রেড্ডি রাঘবেন্দ্র জানিয়েছেন, সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন পুলিশকর্মীর মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আরও কয়েকজন। ভোর চারটে নাগাদ দ্রুতগতির ট্রাকটি সামনে থেকে পুলিশ ভ্যানটিকে ধাক্কা মারে। ধাক্কার জোর এতটাই ছিল যে ভ্যানটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।
গাড়িতে থাকা আটজনের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন হোমগার্ড ভক্ত মির্ধা, কনস্টেবল কাশীরাম ভোই, দেবদত্ত সাহা, হাবিলদার লিঙ্গরাজ ধুরুয়া এবং ডিএসআই নিরঞ্জন কুজুর।
ঝাড়সুগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মধুসিক্ত মিশ্র জানান, ট্রাক ও বোলেরো গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ট্রাক চালকের চিকিৎসা চলছে।
এ ঘটনায় শোকপ্রকাশ করেছেন ঝাড়সুগুড়ার বিধায়ক টঙ্কধর ত্রিপাঠী। তিনি একে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা বলে উল্লেখ করেন এবং জানান, জাতীয় সড়ক প্রশস্তকরণের কাজ শীঘ্রই শুরু হবে।
অন্যদিকে, সাইবার অপরাধ দমনে ওড়িশা পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন সাইবার কাবুচ’ চলতে থাকছে। রাজ্যের বিভিন্ন জেলায় সাইবার জালিয়াতিতে ব্যবহৃত বেনামি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মোট ৭৩টি সন্দেহভাজন অ্যাকাউন্ট চিহ্নিত হয়েছে, তিনটি নতুন মামলা রুজু হয়েছে, ছয়জন গ্রেফতার এবং ৫১ জনকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।



























