সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটের জটিল অঙ্ক-কষাকষির বাইরে সাধারণ মানুষের প্রধান আগ্রহ—কোন জিনিসের দাম কমল, আর কোনটার দাম বাড়ল? এবারের বাজেটে একাধিক পণ্যের উপর আমদানি শুল্কে ছাড় ও কর বৃদ্ধি করা হয়েছে। ফলে বাজারে নিত্যপ্রয়োজনীয় ও ভোগ্যপণ্যের দামে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।
যেসব পণ্য সস্তা হচ্ছে
১৭টি জীবনদায়ী ওষুধ (ডায়াবেটিস ও ক্যানসারের ওষুধ-সহ)
স্মার্টফোন ও মোবাইল যন্ত্রাংশ
ইলেকট্রিক গাড়ির ব্যাটারি
চামড়ার ব্যাগ ও জুতো
সি-ফুড
খেলাধুলার সামগ্রী
বিদেশ ভ্রমণের খরচ
সিএনজি
সোলার প্যানেল
মাইক্রোওভেন
বিমানের যন্ত্রাংশ
বিড়ি
শাড়ি
যেসব পণ্য দামি হচ্ছে
সিগারেট
মদ
তামাকজাত পণ্য
নির্দিষ্ট কিছু খনিজ
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের বাজেটে ‘আত্মনির্ভর ভারত’-এ জোর দিয়েছে কেন্দ্র। দেশীয় উৎপাদন বাড়াতে কিছু পণ্যের আমদানি কর বাড়ানো হয়েছে, আবার ভারতে তৈরি পণ্য ও যন্ত্রাংশের ক্ষেত্রে করছাড় দেওয়া হয়েছে। এর ফলে বিদেশি পণ্যের দাম বাড়লেও দেশীয় পণ্য তুলনামূলক সস্তা হতে পারে।
নেশাজাত দ্রব্যের ক্ষেত্রে কর বৃদ্ধি করায় সিগারেট, মদ ও তামাকজাত পণ্যের দাম বাড়ছে—যা স্বাস্থ্যগত দিক থেকে ইতিবাচক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জীবনদায়ী ওষুধের দাম কমায় সাধারণ মানুষের বড় স্বস্তি মিলবে।
তবে আয়কর কাঠামোতে বড় কোনও ছাড় না থাকায় করদাতাদের মধ্যে খানিকটা হতাশা রয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকে নতুন আয়কর আইন কার্যকর হবে। নতুন নিয়মে ৩১ জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকছে, অডিটবিহীন ব্যবসায়িক ও ট্রাস্ট মামলায় সময়সীমা বাড়িয়ে ৩১ অগস্ট করা হয়েছে।
সব মিলিয়ে, পণ্যের দামের নিরিখে এবারের বাজেট আমজনতার জন্য আংশিক স্বস্তির হলেও, করছাড়ের ক্ষেত্রে মধ্যবিত্তের প্রত্যাশা পূরণ হয়নি বলেই মত বিশেষজ্ঞদের।



















