গত পাঁচ বছরে প্রায় ৯ লক্ষ মানুষ ভারতের নাগরিকত্ব বর্জন করেছেন—সংসদে এমন তথ্যই পেশ করেছে কেন্দ্রীয় সরকার। নরেন্দ্র মোদি সরকারের তরফে জানানো হয়েছে, বিদেশ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী ২০২০ সালে ৮৫ হাজার ২৫৬ জন ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেন। ২০২১ সালে সেই সংখ্যা বেড়ে হয় ১ লক্ষ ৬০ হাজার, ২০২২ সালে ২ লক্ষ ২০ হাজার, ২০২৩ সালে ২ লক্ষ ১০ হাজার এবং ২০২৪ সালে প্রায় ২ লক্ষ।
বিরোধীদের প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরে কেন্দ্র আরও জানিয়েছে, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে মোট ১১ লক্ষ ৮৯ হাজার ১৯৪ জন ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। অর্থাৎ গত ১৪ বছরে ২০ লক্ষেরও বেশি মানুষ নাগরিকত্ব বর্জন করেছেন।
তবে নাগরিকত্ব ত্যাগকারীদের আয় বা পেশা সংক্রান্ত কোনও তথ্য সরকারের কাছে নেই বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিংহ। তিনি বলেন, নাগরিকত্ব বর্জনের কারণ একান্তই ব্যক্তিগত।
কেন্দ্রের ব্যাখ্যা, জ্ঞাননির্ভর বৈশ্বিক কর্মক্ষেত্রের প্রসারের ফলে প্রবাসী ভারতীয়দের সঙ্গে দেশের সম্পর্কের ধরন বদলেছে। সফল ও প্রভাবশালী প্রবাসীরা ভারতের ‘সফট পাওয়ার’-এর গুরুত্বপূর্ণ অংশ বলেও সংসদে জানানো হয়।
এছাড়া কেন্দ্র জানিয়েছে, গত তিন বছরে বিভিন্ন সংকটে বিদেশ থেকে ৫ হাজার ৯৪৫ জন ভারতীয়কে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে।



























