পুবের কলম, ওয়েবডেস্ক: স্থানীয় পঞ্চায়েত নির্বাচনের প্রচারে গিয়ে ভোটারদের হুমকি দিলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। তিনি বলেছেন, তাঁর দলের সমস্ত প্রার্থী নির্বাচিত হলে, তবেই তিনি প্রতিশ্রুতি মতো উন্নয়নের টাকা দেবেন। উপ-মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে স্পষ্ট হয়েছে, তাঁর দলের প্রার্থীরা জিতলে এলাকায় উন্নয়ন হবে, নচেৎ নয়। এনসিপি নেতার এই মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিরোধীরা।
শুক্রবার বারামতী তহসিলের মালেগাঁওতে নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য একটি সমাবেশে ভাষণ দিতে গিয়ে এনসিপি প্রধান বলেন, “পঞ্চায়েত নির্বাচনে দলের ১৮ জন প্রার্থী হয়েছে। আমি নিশ্চিত করছি, যদি ১৮ জন প্রার্থী জয়ী হয় তাহলে এলাকার উন্নয়নে অর্থের কোনও ঘাড়তি হবে না। আমাদের দলের প্রার্থীদের জেতান, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করব। কিন্তু যদি আমার প্রার্থীদের ‘কেটে’ (জয়ী না হয়) দেন, তাহলে আমিও উন্নয়ন তহবিল ‘কেটে’ দেব।” মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী সাফ জানান, “আপনাদের যেমন ভোট দেওয়ার ক্ষমতা আছে, আমার তেমন তহবিল ছাড়ার ক্ষমতা আছে। এখন সিদ্ধান্ত নিন আপনারা কী করতে চান।” ভোটারদের প্রতিশ্রুতি দিয়ে পাওয়ার বলেন, “কেন্দ্র ও রাজ্যের অনেক প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং দুই উপ-মুখ্যমন্ত্রী আমরা একসঙ্গে কাজ করেছি। যদি সবাই মিলে কাজ করি এবং এই প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়ন করি, তবে মালেগাঁওয়ের ব্যাপক উন্নয়ন হবে।”
২ ডিসেম্বর পঞ্চায়েত ভোট হওয়ার আগে ভোটারদের হুমকি দেওয়া নিয়ে উপ-মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধীরা। তাদের বক্তব্য, ভোট ঘোষণা হওয়ার পর এধরণে মন্তব্য করেও তিনি ছাড় পেয়ে যাচ্ছেন। নির্বাচন কমিশন কেন কোনও পদক্ষেপ নিচ্ছে না। কমিশনের ভূমিকা বিস্মিত করছে। শিবসেনা নেতা আম্বাদাস দানভেকে বলেন, “সাধারণ মানুষের করের টাকায় দেশের উন্নয়ন হয়, অজিত পাওয়ার নিজের বাড়ি থেকে টাকা দেন না। পওয়ারের মতো নেতা যদি ভোটারদের হুমকি দিয়ে থাকেন, তাহলে নির্বাচন কমিশন কী করছে?”





















