পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ছে। ইসরায়েল–এ হামলার ঘটনার পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত–এ শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ও আল জাজিরা এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, বাহরাইনের জাফায়ার এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। উল্লেখযোগ্যভাবে, ওই এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। বিস্ফোরণের পর বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি শক্তিশালী বিস্ফোরণের খবর মিলেছে। তবে বিস্ফোরণের উৎস বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আল জাজিরা জানিয়েছে, কুয়েতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘটনার পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়। পরিস্থিতির প্রেক্ষিতে উপসাগরীয় ওই তিন দেশ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে। একাধিক দেশে প্রায় একযোগে বিস্ফোরণের ঘটনায় পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা তীব্রতর হয়েছে। পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল, আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা।





























