পুবের কলম, ওয়েবডেস্ক: অন্ধ্রপ্রদেশের গুন্তুর জেলায় এক নৃশংস হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছে পুলিশ। বিবাহবহির্ভূত সম্পর্কের পথে বাধা হওয়ায় স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অচৈতন্য করে খুনের অভিযোগ উঠল স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে। নিছক হার্ট অ্যাটাক বলে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি; পুলিশের জালে ধরা পড়েছেন স্ত্রী লক্ষ্মী মাধুরী ও তাঁর প্রেমিকসহ তিন অভিযুক্ত।
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের গুন্তুর জেলার চিলুভুরু এলাকায় এক পেঁয়াজ ব্যবসায়ীর রহস্যমৃত্যুর কিনারা করল পুলিশ। গত ১৮ জানুয়ারি লোকাম শিবা নাগারাজু নামে ওই ব্যবসায়ীর মৃত্যু হয়। প্রাথমিক অবস্থায় তাঁর স্ত্রী লক্ষ্মী মাধুরী দাবি করেছিলেন যে, নাগারাজু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের জেরায় বেরিয়ে এল এক হাড়হিম করা ষড়যন্ত্রের কাহিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৭ সালে নাগারাজু ও লক্ষ্মীর বিয়ে হয়েছিল। কিন্তু গত কয়েক মাস ধরে গোপী নামে এক যুবকের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন লক্ষ্মী। এই নিয়ে সংসারে নিত্যদিন অশান্তি লেগেই থাকত। লক্ষ্মীর অভিযোগ ছিল, স্বামী তাঁকে মাঝেমধ্যেই হেনস্থা করতেন। পথের কাঁটা সরাতে প্রেমিক গোপীর সঙ্গে মিলে স্বামীকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন তিনি।
প্রাথমিকভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও কড়া জেরার মুখে ভেঙে পড়েন লক্ষ্মী। পুলিশ আধিকারিক কুমার লুনায়েত জানিয়েছেন, ধৃতরা অপরাধ কবুল করেছেন। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে স্ত্রী লক্ষ্মী মাধুরী, তাঁর প্রেমিক গোপী এবং তাঁদের সহযোগী ওই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে।






















