পুবের কলম,ওয়েবডেস্ক: রাহুল গান্ধির মতো তিনিও লোকসভার সদস্যপদ হারিয়েছিলেন। লোকসভার সচিবালয়ই বুধবার লাক্ষাদ্বীপের সাংসদ মুহাম্মদ ফয়জলকে সদস্যপদ ফেরাল। একটি হত্যার চেষ্টার মামলায় লাক্ষাদ্বীপের কাবারাট্টি আদালতে ২০২৩-এর ১১ জানুয়ারি ১০ বছরের সাজা ঘোষণার পর তিনি লোকসভার সদস্যতা হারিয়েছিলেন।
আরও পড়ুন:
কিন্তু ২৫ জানুয়ারি কেরল হাইকোর্টে মামলাটিতে স্থগিতাদেশ পাওয়ার পর তিনি সদস্য পদ ফিরে পাওয়ার অপেক্ষায় ছিলেন।
দীর্ঘ সময় কোনও ফয়সালা না হওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। যদিও সুপ্রিম কোর্টে শুনানির আগেই বুধবার সাংসদ পদ ফিরে পেলেন।আরও পড়ুন:
লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংহের এক নোটিফিকেশনে তাঁকে পুর্নবহালের কথা বলা হয়। এই নোটিফিকেশনে জানানো হয়, ২৫ জানুয়ারি কেরল হাইকোর্ট ফয়জলের বিরুদ্ধে মামলাটিতে যেহেতু স্থগিতাদেশ জারি করেছে, তাই আদালতের রায়কে সম্মান জানিয়ে লাক্ষাদ্বীপের সাংসদকে লোকসভার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল।
আরও পড়ুন:
এই ঘটনাক্রম গুরুত্বপূর্ণ কারণ সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধিও লোকসভার সদস্যপদ হারিয়েছেন। মোদি উপাধি মামলায় সুরাতের দায়রা আদালত তাঁকে দোষীসাব্যস্ত করে দু’বছরের কারাদণ্ড দেয়। রাহুল গান্ধি কেরলের ওয়ানাড থেকে সাংসদ ছিলেন এবং এই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর, আসন্ন লোকসভা নির্বাচনের এক বছর আগে সাংসদ পদ খারিজ হয়ে যায়। একইভাবে রাহুল গান্ধিও যদি সুপ্রিম কোর্টে আবেদন করেন সেক্ষেত্রে সদস্যপদ ফিরে পেতে পারেন। যদিও তিনি এখনও সুপ্রিম কোর্টে কোনও আবেদন করেননি।