ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে শনিবার নতুন করে ইসরায়েলের একাধিক বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুদের সংখ্যাই বেশি, জানিয়েছে হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ।
সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ গাজার খান ইউনিস শহরে। সেখানে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করা হয়। হামলায় এক পরিবারের সাতজন সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গাজা নগরীর শিফা হাসপাতালে কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আবাসিক ভবনে বিমান হামলায় তিন শিশু ও দুই নারী নিহত হয়েছেন।
ফিলিস্তিনিরা বলছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় শুরুর পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা। গত অক্টোবর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়। চলতি বছরের শুরুতে দ্বিতীয় পর্যায় শুরু হলেও সংঘর্ষ পুরোপুরি থামেনি।
হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, হামাস যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে, তারই প্রতিক্রিয়ায় এই অভিযান। ইসরায়েলি সেনার বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব রাফা এলাকায় ভূগর্ভস্থ সন্ত্রাসী ঘাঁটি, অস্ত্রাগার, অস্ত্র উৎপাদন কেন্দ্র ও হামাসের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, হামাস এই বিমান হামলাকে নির্মম গণহত্যামূলক আক্রমণ বলে আখ্যা দিয়েছে এবং যুক্তরাষ্ট্রকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছে। তাদের দাবি, আবাসিক এলাকা, আশ্রয়শিবির ও পুলিশ স্টেশন লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
নতুন করে সংঘর্ষে গাজাজুড়ে ফের আতঙ্ক ছড়িয়েছে। যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে গভীর অনিশ্চয়তা।




















