পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে দেশের সংবিধান সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ গণভোটও হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।
২০২৩ সালের নির্বাচনের পরে গঠিত সংসদের মেয়াদ ছিল চার বছর। কিন্তু রাজনৈতিক অস্থিরতা, সরকার পরিবর্তন এবং সীমান্ত উত্তেজনার জেরে নির্ধারিত সময়ের আগেই সংসদ ভেঙে দেওয়া হয়। ২০২৫ সালের মাঝামাঝি কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ, প্রধানমন্ত্রী পায়েতোংতার্ন সিনাওয়াত্রার বিতর্কিত ফোনালাপ ফাঁস এবং পরবর্তীতে সাংবিধানিক আদালতের রায়ে তাঁর পদচ্যুতি দেশজুড়ে রাজনৈতিক সংকট তৈরি করে। এর জেরে জোট সরকার ভেঙে পড়ে এবং নতুন করে আগাম নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমান প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের ঘোষণায় ডিসেম্বরেই সংসদ ভেঙে দেওয়া হয়। আজকের নির্বাচন ও গণভোট থাইল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভবিষ্যৎ দিশা নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।


























