গ্রিনল্যান্ডকে ঘিরে ফের কূটনৈতিক উত্তেজনা তৈরি হলো যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে। আর্কটিক অঞ্চলের এই বিশাল দ্বীপটির জন্য একজন বিশেষ দূত নিয়োগ করে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের ‘প্রয়োজন’ এবং সেটি আমেরিকার অংশ হওয়া উচিত।
লুইজিয়ানার রিপাবলিকান গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগের ঘোষণা দেন ট্রাম্প। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে কোনো আপস করা হবে না। ট্রাম্পের এই বক্তব্য ও পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক। কোপেনহেগেন জানিয়েছে, বিষয়টির ব্যাখ্যা চাইতে মার্কিন রাষ্ট্রদূতকে তলব করা হবে।
গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেনও কড়া অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডবাসীরাই নির্ধারণ করবে এবং দ্বীপটির আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেফ ল্যান্ড্রি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার প্রচেষ্টায় যুক্ত হওয়াকে ‘সম্মানের’ বলে উল্লেখ করেছেন।
দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান ও বিপুল খনিজ সম্পদের প্রসঙ্গ তুলে ধরে দ্বীপটি নিয়ন্ত্রণে নেওয়ার আগ্রহ প্রকাশ করে আসছেন ট্রাম্প। এমনকি প্রয়োজনে শক্তি প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। চীন ও রাশিয়ার জাহাজ চলাচলকে সম্ভাব্য হুমকি হিসেবে উল্লেখ করে ট্রাম্প দাবি করেছেন, বিষয়টি খনিজ নয়, পুরোপুরি জাতীয় নিরাপত্তার সঙ্গে যুক্ত।
প্রায় ৫৭ হাজার জনসংখ্যার গ্রিনল্যান্ড ১৯৭৯ সাল থেকে স্বায়ত্তশাসিত হলেও প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি এখনও ডেনমার্কের হাতে। জনমত জরিপে দেখা গেছে, গ্রিনল্যান্ডবাসীরা স্বাধীনতার পক্ষে হলেও যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার বিষয়ে তারা স্পষ্ট বিরোধিতা করেছেন।
এ ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নও ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ইইউ কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন বলেছেন, ডেনিশ সার্বভৌমত্ব ও গ্রিনল্যান্ডের জনগণের ইচ্ছার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে ইউরোপের। সব মিলিয়ে, গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ট্রাম্পের উচ্চাকাঙ্ক্ষা নতুন করে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনার পারদ চড়িয়েছে।



























