পুবের কলম ওয়েবডেস্ক: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমা এখনও জলবন্দি। প্লাবনের জেরে যোগাযোগ বিচ্ছিন্ন বহু এলাকা। এমন অবস্থায় শনিবার মনশুকা গ্রামের এক গৃহবধূ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোকেরা জল ঠেলে হাসপাতালে পৌঁছাতে না পারায় খবর যায় পুলিশ কন্ট্রোল রুমে। তারপর শুরু হয় এক রুদ্ধশ্বাস অভিযান। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ অক্সিজেন সিলিন্ডার নিয়ে দ্রুত স্পিডবোটে রওনা দেয়।
প্রায় ১০ কিলোমিটার জলপথ পেরিয়ে পৌঁছায় মনশুকায়। শ্বাসকষ্টে কষ্ট পাচ্ছিলেন বছর ত্রিশের সুমি সাঁতরা, যিনি কয়েকদিন আগেই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। শনিবার দুপুরের পর হঠাৎ করে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি।
ঘাটাল থানার ওসি শঙ্খ চট্টোপাধ্যায় বলেন, ‘অক্সিজেন সিলিন্ডার নিয়ে দুর্গম জলপথ পেরিয়ে পৌঁছতে হয়েছিল। সুমি দেবীকে অক্সিজেন দেওয়ার পর দ্রুত স্পিডবোটে করে ফিরিয়ে আনা হয়, তারপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরাও ছিলেন অভিযানে। তাঁরা জানান, কোথাও বোটে, কোথাও সিলিন্ডার কাঁধে নিয়ে হেঁটেই যেতে হয়েছে। কঠিন পথ হলেও সময়মতো পৌঁছে গৃহবধূকে বাঁচানো গেছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানান, ‘এমন একাধিক উদ্ধার হয়েছে। কন্ট্রোল রুমের নম্বর সকলে জানেন। যে কোনো অসুবিধায় ফোন করলেই সাহায্য পৌঁছে যাবে।’


































