পুবের কলম প্রতিবেদক: ফ্লেরিডায় ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে দিয়ে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে সমতা ফিরিয়ে এনেছে ভারত। আর জয়ের নায়ক ভারতের দুই ওপেনিং ব্যাটার যশস্বী জসওয়াল ও শুভমান গিল। যশস্বী বা শুভমান কেউই এই টি-২০ সিরিজের প্রথম তিন ম্যাচে রান পাননি। কিন্তু গুরুত্বপূর্ণ: চতুর্থ টি-২০ ম্যাচে দুজনের রেকর্ড রানে মোক্ষম সময়ে ভারত সিরিজে ফিরে এসেছে। তার থেকেও বড় কথা যশস্বী ও গিল দুই ওপেনারের প্রথম উইকেট পার্টনারশিপে ভারত টি-২০ ক্রিকেটে যে রান তুলেছে সেটি একটি বিশ্বরেকর্ড। দুজনের ওপেনিং পার্টনারিশপে উঠেছে ১৬৫ রান। যা টি-২০ তে নজিরবিহীন। যশস্বী ও গিল দুজনেই ফর্মে ফিরেছেন।
ওয়েস্ট ইন্ডিজের ১৭৯ রান তাড়া করতে গিয়ে যশস্বী ৫১ বলে ৮৪ রানের মারকাটারি ইনিংস ও গিল ৪৭ বলে ৭৭ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন। গিলের ইনিংসটা ছিল আরও বিধ্বসী। কারণ তিনি এই রান করতে গিয়ে চার মেরেছেন মাত্র তিনটি। ছক্কা হাঁকিয়েছেন পাঁচটি।

ম্যাচের শেষে ফাস্ট বোলার অর্শদীপ সিংয়ের সঙ্গে আলোচনা করছিলেন গিল। সেখানে তিনি নিজের ইনিংস প্রসঙ্গে জানিয়েছেন, ‘এই ধরনের ম্যাচে খেলতে গেলে নিজের ভিতটাকে মজবুত রাখতে হয়, যেটা আমি রাখার চেষ্টা করেছি।’ গত তিনটি টি-২০ ম্যাচে গিলের ব্যাট ঝলসে উঠতে দেখা যায়নি। শুভমান তাতে বিন্দু মাত্র চিন্তিত নন।
তিনি বলছেন, ‘তোমাকে এটা মাথায় রাখতে কোথাও তোমার ভুল হচ্ছে কি না। গত তিনটি ম্যাচে আমি কোনও ভুল করিনি। রান পাইনি, সেটা আমার দুর্ভাগ্য। আসলে আমি আমার শুরুটা ঠিকমতো করতে পারিনি।’

গত তিনটি ম্যাচে রান পাওয়ার কারণও ব্যখ্যা করলেন শুভমান। বললেন, !আসলে টি-২০ ম্যাচে যেভাবে ফিল্ডিং সাজানো হয় সেটা একটু অন্যরকম। গত তিন ম্যাচে আমার শটে কোনও ভুল ছিল না।
কিন্তু ফিল্ডিং প্লেসমেন্টের দরুণ আমি আউট হয়েছি। তাই এই ম্যাচে পরিকল্পনাটা পরিবর্তন করে ফেলছিলাম।’ কি সেই পরিকল্পনা? জানাতে গিয়ে ভারতের এই মুহূর্তের এই নির্ভরযোগ্য ব্যাটার জানালেন, ‘আমি ঠিক করে ফেলেছিলাম দ্রুত কিছু  রান তুলব। আর সেই পরিকল্পনা মাফিকই এগিয়েছি। আসলে এখানে ভাবার খুব একটা বেশি সময় থাকে না। রান করার ব্যাপারে ধারাবাহিকতা বজায় রেখে চলতে হয়। চতুর্থ টি-২০ ম্যাচে আমি সেটাই করতে চেয়েছি।’