পুবের কলম, ওয়েবডেস্ক: সাম্প্রতিক হামলাকে ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত বলে অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বিভিন্ন শহরে প্রতিরক্ষা অবকাঠামো ও বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মৌলিক নীতির লঙ্ঘন। ইসলামি প্রজাতন্ত্র ইরান এই হামলাকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সুস্পষ্ট অবমাননা হিসেবে দেখছে এবং প্রয়োজনীয় ও ‘দৃঢ় জবাব’ দেওয়ার বৈধ অধিকার সংরক্ষণ করছে।
তেহরান আরও জানায়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরান দীর্ঘদিন ধরে ধৈর্য ও সংযম প্রদর্শন করেছে। তবে দেশের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে এবং আগ্রাসীদের তাদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত করতে সক্ষম। পররাষ্ট্র মন্ত্রণালয় হামলাকে ‘সশস্ত্র আগ্রাসনের সুস্পষ্ট উদাহরণ’ আখ্যা দিয়ে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের উল্লেখ করেছে, যেখানে আত্মরক্ষার অধিকার স্বীকৃত। বিবৃতির শেষাংশে কঠোর বার্তা দিয়ে বলা হয়েছে, ইতিহাস সাক্ষ্য দেয়—ইরানিরা কখনও আগ্রাসনের কাছে নতি স্বীকার করেনি, এবারও তার ব্যতিক্রম হবে না। ইরানের প্রতিক্রিয়া হবে দৃঢ় এবং শত্রুপক্ষ তাদের পদক্ষেপের ফল ভোগ করবে।





























