পুবের কলম,ওয়েবডেস্ক: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ত্যাগ করা নেতারা দেশটিতে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা করেছেন। বৃহস্পতিবার ইস্তেহকাম-ই-পাকিস্তান পার্টি (আইপিপি) নামের একটি রাজনৈতিক দল গঠন করেন তারা। এক সংবাদ সম্মেলনে দলের ভিত গঠনের ঘোষণা দেন পিটিআই-এর প্রাক্তন নেতা জাহাঙ্গীর তারিন।
আরও পড়ুন:
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিটিআইয়ের প্রাক্তন নেতা আলিম খান, ইমরান ইসমাইল, তানভীর ইলিয়াস প্রমুখ।
আর নতুন এই রাজনৈতিক দল ঘোষণার পরই প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই। দলের এক ট্যুইট বার্তায় বলা হয়েছে, ‘পাকিস্তানের বিদ্যমান সমস্যার এটা কোনও সমাধান নয়।’আরও পড়ুন:
বলা হয়, একটি দল থেকে জোর করে সরিয়ে দেওয়া লোকদের নিয়ে নতুন দল গঠন পাকিস্তানের বিদ্যমান সমস্যার সমাধান নয়। পিটিআই ফের একবার অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের দাবি তুলেছে।
দলটি বলেছে, পাকিস্তানের জনগণকে তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত। নতুন দল গঠনে মুখ্য ভূমিকা পালনকারী জাহাঙ্গীর তারিন পিটিআই চেয়ারম্যান ইমরানের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১৮ সালে পিটিআইয়ের সরকার গঠনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। নতুন দল গঠন নিয়ে জাহাঙ্গীর বলেছেন, ‘আমরা একটি প্লাটফর্মে সমবেত হয়েছি পাকিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনার জন্য।’