পুবের কলম ওয়েব ডেস্ক : ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের মধ্যেই এলো খারাপ খবর। প্রয়াত হলেন ভারতের প্রাক্তন টেস্ট দলের অধিনায়ক বিষেণ সিং বেদী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। এদিন তার মৃত্যুর খবর নিশ্চিত করেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।তিনি জানান, দেশের অন্যতম সেরা প্রাক্তন স্পিনার বিষেণ সিং বেদী আর নেই। আর এটা ভারতীয় ক্রিকেটের জন্য বিরাট একটা ক্ষতি।
তার মৃত্যুতে শোকের ছায়া ভারতীয় ক্রিকেট মহলে। তার মৃত্যুতে শোকবার্তা এসেছে বিভিন্ন মহল থেকে।আরও পড়ুন:
১৯৪৬ সালের ২৫ ডিসেম্বর অমৃতসরে জন্মগ্রহণ করেছিলেন বিষেন সিং বেদী। ভারতের হয়ে ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন। ২২ টেস্ট ম্যাচে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন।১৯৬০ ও ৭০ এর দশকে ভারতের বিখ্যাত 'স্পিন কোয়ার্টেট' এর সদস্য ছিলেন বিষেণ সি বেদী।
বাকিরা হলেন- এরাপল্লি প্রসন্না, ভগবৎ চন্দ্রশেখর ও শ্রীনিবাস বেঙ্কটরাঘবন। নিজের বাঁহাতি স্পিনের জাদুতে প্রতিপক্ষ দলের ব্যাটারদের সব সময় বোকা বানাতেন বেদী। চারজনে ২৩১ টেস্ট ম্যাচ খেলে শিকার করেছেন মোট ৮৫৩ উইকেট। এর মধ্যে বিষেণ সিং বেদী ৬৭ ম্যাচ খেলে ঝুলিতে পুড়েছেন ২৬৬ উইকেট। ১৯৭০ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ২০০৪ সালে সি কে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পান বেদী।আরও পড়ুন:
বিশ্বক্রিকেটে যখন ক্যারিবিয়ানরা দাপট দেখাচ্ছে, সেই ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মাটিতে ভারতের সিরিজ জয়ের নেপথ্যে অন্যতম কারিগর ছিলেন এই বাঁহাতি স্পিনার। ১৯৬৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। যদিও ওয়ানডে ক্রিকেটে তাকে খুব একটা দেখা যায়নি।১০ ম্যাচে মাত্র সাতটি উইকেট পেয়েছিলেন। তবে ওয়ানডে ফর্ম্যাটে এই বেদীর দাপটে ১৯৭৫ সালের বিশ্বকাপের ম্যাচে পূর্ব আফ্রিকাকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত। সেই ম্যাচে ১২ ওভার বোলিং করে ৮টি মেইডেনসহ মাত্র ৬ রান দিয়ে প্রতিপক্ষকে একাই রুখে দিয়েছিলেন। বিদেশের মাটিতে ভারতকে জিততে শেখানোর সেই কারিগর আজ এই পৃথিবী ছেড়ে চলে গেলেন।