পুবের কলম, ওয়েবডেস্ক: বুধবারই মহাকাশে পাড়ি দেবে নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে তৈরি 'নিসার' উপগ্রহ। নিসার উপগ্রহের উৎক্ষেপণের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। বুধবার বিকেল ৫টা ১০-এ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে নিসার। উপগ্রহটি পরিবেশ, জলবায়ু এবং ভূপ্রকৃতি বিশ্লেষণে এক গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীরা।
আরও পড়ুন:
সূত্রের খবর, ভূপৃষ্ঠ, সমুদ্র, বরফ এবং অরণ্যের পরিবর্তন পর্যবেক্ষণ করবে নিসার। প্রতি ৯৭ মিনিটে পৃথিবীকে চক্কর কাটবে উপগ্রহটি। এই গ্রহের ভূখণ্ড ও তুষারাবৃত অঞ্চলের বিস্তৃত মানচিত্র তৈরি করে ফেলতে মাত্র ১২ দিন সময় লাগবে। অন্ধকার, মেঘ, ধোঁয়া ইত্যাদিকে এড়িয়ে পৃথিবীর সূক্ষ্মাতিসূক্ষ্ম পরিবর্তনও ধরে ফেলতে সক্ষ্যম হবে নিসার।
আর এই সব তথ্য যে গবেষকদের কাছে অত্যন্ত জরুরি তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে এইসব তথ্য ব্যবহার করে গবেষণা পদ্ধতি যে আরও উন্নত হবে তা বোঝাই যাচ্ছে। মনে করা হচ্ছে, অসমে প্রতি বছরই যে ভয়াবহ বন্যা হয় তার আগাম হদিশ কিংবা হিমালয়ের হিমাবাহের গলন কতটা দ্রুত হচ্ছে সবকিছুই বের করা খুবই সহজ হবে।আরও পড়ুন:
এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, এটি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং নাসা-র তরফে পৃথিবীকে পর্যবেক্ষণের প্রথম যৌথ উদ্যোগ। ভারতের আন্তর্জাতিক স্তরে বৈজ্ঞানিক কর্মকাণ্ডের ক্ষেত্রে এই অভিযানকে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। এই অভিযান কেবল একটি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণই নয়, বরং বিজ্ঞান এবং বিশ্বকল্যাণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।