পুবের কলম ওয়েবডেস্ক : ফ্লোরিডার লউডারহিলে চতুর্থ টি-২০ ম্যাচে  ক্যারিবিয়ান ব্যাটিংয়ের বিরুদ্ধে মার খেলেও তিনটি উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ২০০ রানের মধ্যে আটকে রাখলেন ভারতীয় পেসার অর্শদীপ সিং। গত দেড় বছর ধরে অর্শদীপের বোলিং বেশ প্রশংসিত হচ্ছিল। ফের একবার নিজেকে প্রমাণ করলেন ভারতের এই পঞ্জাবী ফাস্ট বোলার। পাওয়ার প্লে-তে যেভাবে  কাইল মেয়ারস, ব্রেন্ডন কিং এবং সিমরন হেটমেয়রের মতো হার্ড হিটিং শক্তিশালী ব্যাটসম্যানকে ফিরিয়ে দিয়েছেন তাতে দারুণভাবে প্রশংসিত হচ্ছেন অর্শদীপ। নিজের এই সাফল্যের রসায়ণও ব্যাখ্যা করলেন তিনি। জানালেন, ‘আমার বাবা কানাডাতে এসেছেন খেলতে।
সঙ্গে আমার ভাইও এসেছে। তারা এখানে খেলা দেখতে এসেছিল। পরিবারের সামনে খেলাটা খুব কঠিন, বেশ চাপেরও। সেই চাপ সামলে যে এমন বোলিং করতে পেরেছি তাতে আমি খুশি।’

প্রথম দিকটায় সেভাবে সফল না হলেও পরে অর্শদীপের বোলিং নৈপূণ্যে ভারত চেপে ধরে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংকে। সেই প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে অর্শদীপ জানালেন, ‘যখন আমি বোলিং শুরু করি, তখন দেখেছিলাম পিচ খুব পাটা।
এখান থেকে খুব একটা সুবিধে নেওয়া যাবে না। তাই আমি লেন্থটা খুব কঠিন করতে চেয়েছিলাম। এবং বেশি করে স্লোয়ার দেওয়ার চেষ্টা করেছিলাম। তাতেই সাফল্য এসেছে।’

নিজের যে একটা ব্যাক আপ পরিকল্পনা ছিল সেটা জানালেন অর্শদীপ। বেশ কিছুদিন ধরেই বহু প্রতিযোগিতায় অর্শদীপের সুযোগ হচ্ছিল না।
তাই ওয়েস্ট ইন্ডিজ সফরকেই পাখির চোখ করে নিয়েছিলেন তিনি। সেই কাজে তিনি অনেকটাই সফল তা এই ম্যাচ থেকেই পরিস্কার। আর তাঁর পরিবার আমেরিকাতে আসাতে উৎসাহটা দ্বিগুণ হয়েছে। সেটা জানিয়ে অর্শদীপ বললেন, ‘এটা পূর্ব পরিকল্পিত। বাবা কানাডায় একটি প্রতিযোগিতায় খেলতে এসেছেন। তিনি আমাকে ট্যাগ করে জানিয়েছিলেন এখানে ভাইকে নিয়ে খেলা দেখতে আসবেন। এটাই আমার কাছে বাড়তি সমর্থন হয়ে গিয়েছিল। তাদের সামনে পারফর্ম করতে প্রথমে একটু চাপে পড়ে গিয়েছিলাম। পরে সব ঠিক হয়ে যায়।’