পুবের কলম , ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের সম্ভালকে বিজেপি এবার টার্গেট করে দাঙ্গা ইত্যাদি ঘটানোর চেষ্টা করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অল ইণ্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন নেতা আসাদুদ্দিন ওয়াইসি। শনিবার তিনি বলেছেন, গত বছরের নভেম্বরে সম্ভালে যে হিংসাত্মক ঘটনা ঘটে তাতে বহু মানুষের মৃত্যু হয়।
এরপর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিন সদস্যের এক কমিটিকে বিস্তারিত রিপোর্ট দিতে বলেছিলেন। গত ২৮ আগস্ট ওই তিন সদস্যের কমিটি মুখ্যমন্ত্রীর কাছে ৪৫০ পৃষ্ঠার রিপোর্ট জমা দিয়েছে। সেই রিপোর্ট সম্পর্কে যতদূর জানা গিয়েছে, স্বাধীনতা পরবর্তী সম্ভাল এর সঙ্গে আজকের সম্ভালের তুলনা করে বলা হয়েছে ওই শহরের জনসংখ্যার কাঠামোই বদলে গিয়েছে।
স্বাধীনতা -পরবর্তী সম্ভালে যেখানে সম্ভালে মুসলিমদের সংখ্যা ছিল ৫৫ শতাংশ। অন্যদিকে হিন্দুরা সংখ্যায় ছিল ৪৫ শতাংশ। বর্তমানে সম্ভালে মোট জনসংখ্যার ৮৫ শতাংশ মুসলিম এবং ১৫ শতাংশ হিন্দু। এই পরিবর্তন বিজেপি এবং আর এস এস সহজভাবে মেনে নিতে পারবে না। তাই এই দুই সংগঠন সম্ভালে গোলমালের চেষ্টা করবে বলে আশঙ্কা ওয়াইসির।
তবে ওয়াইসি নিশ্চিত, ওই শহরে বলপ্রয়োগের চেষ্টা হলে সম্ভাল এর মানুষ ছেড়ে কথা বলবে না। তারাও যোগ্য প্রত্যুত্তর দেবে। সম্ভালকে হিন্দুরা পবিত্র শহর বলে মনে করে, কারণ এখানে কল্কি অবতার বিষ্ণুর জন্মস্থান বলে গণ্য করা হয়। অন্যদিকে মুসলিমদের কাছেও এই শহরের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
কারণ এখানে একসময় সিকান্দার লোদির সাম্রাজ্যের রাজধানী ছিল। মুঘল আমলেও এই শহর প্রাদেশিক রাজধানী হিসেবে ব্যবহৃত হত। সম্ভাল শিং এবং হাড়ের তৈরি হস্তশিল্পের জন্য সারা বিশ্বে বিখ্যাত। আর এই হস্তশিল্পীরা সকলেই মুসলিম। এই শহর মোরাদাবাদ ডিভিশনের অন্তর্গত।





























