পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রের পুণে শহরে অবৈধ বাংলাদেশি সন্দেহে ১১ জন মহিলাকে আটক করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড এবং বেশ কিছু ভুয়ো আবাসিক নথি উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। সূত্রের খবর, অভিযান চলাকালীন পুলিশ মোট ২২ জন মহিলাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর দেখা যায়, তাদের মধ্যে ১১ জন বাংলাদেশের নাগরিক। গত কয়েক মাস ধরে তারা কোনো বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই পুণেতে আত্মগোপন করেছিল বলে দাবি মহারাষ্ট্র পুলিশের।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইন এবং ভারতীয় দণ্ডবিধির জালিয়াতি সংক্রান্ত ধারায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। এছাড়াও, কারা তাদের এই জাল আধার কার্ড তৈরি করে দিয়েছে, সেই চক্রের পাণ্ডাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুণে পুলিশের ডেপুটি কমিশনার হৃষিকেশ রাওয়ালে জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল যে শহরের কুখ্যাত রেড-লাইট এলাকা হিসেবে পরিচিত ‘বুধবার পেঠ’-এ কিছু বিদেশি নাগরিক অবৈধভাবে বসবাস করছেন। সেই তথ্যের ভিত্তিতেই বুধবার পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় তল্লাশি অভিযান চালায়।
পুলিশ জানিয়েছে, অবৈধভাবে বসবাসকারী মহিলাদের প্রত্যেকের কাছেই ছিল ভারতীয় পরিচয়পত্র। তাদের কাছে থাকা আধার কার্ডগুলি ভুয়ো নথির ভিত্তিতে তৈরি করা হয়েছিল। পুণেতে বসবাসের জন্য তারা স্থানীয় কিছু জাল ভাড়ার চুক্তিপত্র ও অন্যান্য নথি ব্যবহার করছিলেন। ডেপুটি পুলিশ কমিশনার সংবাদমাধ্যমকে বলেন, “আমরা ২২ জন নারীকে আটক করেছিলাম, যাদের মধ্যে ১১ জন বাংলাদেশী বলে শনাক্ত করা গেছে। তারা গত কয়েক মাস ধরে অবৈধভাবে এই শহরে থাকছিলেন। বিষয়টি নিয়ে আমরা আরও বিশদ তদন্ত করছি।”

































