পুবের কলম ওয়েবডেস্ক: বাবার গুলিতে মৃত্যু টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের। গুরগাঁওয়ের বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ নিজের আবাসনেই মারা যান রাধিকা। তাঁর বাবা লাইসেন্স থাকা রিভলবার থেকে গুলি চালান মেয়ের উপর। ঘটনার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল খেলোয়াড়কে। কিন্তু বাঁচানোর সব চেষ্টা করেও ব্যর্থ হন চিকিৎসকরা। সূত্রের খবর, রাধিকা ওই সময়ে রান্নাঘরে রান্না করছিলেন। আচমকা পিছন থেকে এসে তাঁর উপর গুলি চালান বাবা। রাধিকাকে লক্ষ্য করে পাঁচটি গুলি চালান দীপক। তিনটি গুলি রাধিকার বুকে লাগে। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় তাঁর। জেরার মুখেই খুনের কথা স্বীকার করেন দীপক। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, রাধিকা একটি টেনিস অ্যাকাডেমি চালাতেন। মেয়ের টেনিস অ্যাকাডেমি চালানো নিয়ে আপত্তি ছিল তাঁর বাবার। বাইরে গেলে লোকের কাছে নানান কথা শুনতে হতো। মেয়ের উপার্জনে সংসার চলে, তা নিয়ে কটাক্ষ করত লোকজন। মেয়েকে বারবার বলেছিলেন অ্যাকাডেমি বন্ধ করে দিতে। কিন্তু বাবার কথা মানতে চাননি রাধিকা। আর তাতেই রেগে গিয়ে মেয়েকে গুলি করে খুন করেন দীপক। পুলিশের জেরায় দীপক জানান, ‘ওয়াজিরাবাদে আমি যখন দুধ কিনতে যেতেন, তখন লোকজন কটাক্ষ করত যে আমি মেয়ের উপার্জনে বাঁচি। আমি খুব বিরক্ত ছিলাম। কয়েকজন আমার মেয়ের চরিত্র নিয়েও প্রশ্ন তুলেছিল। আমি মেয়েকে বলেছিলাম টেনিস অ্যাকাডেমি বন্ধ করে দিতে, কিন্তু ও রাজি হয়নি। আমার আত্মসম্মানে আঘাত লেগেছিল। আমি খুব চাপে ছিলাম। সেই কারণেই আমি মেয়ে গুলি করে খুন করেছি।’
অন্যদিকে রাধিকার একটি মিউজিক ভিডিয়োতে অংশ নেওয়াও তার বাবাকে রাগিয়ে তোলে। কোস্টার ইনআমের সঙ্গে ‘কারওয়ান’ নামে এক মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছিলেন রাধিকা। তাঁর মৃত্যুর পর রাধিকার সঙ্গে ইনআমের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাহলে কি রাধিকা খুনে কোস্টারের যোগ রয়েছে? এক সংবাদমাধ্যমকে ইনআম বলেন, তিনি অভিনয়ের জন্য একদিন শুটিং সেটে এসেছিলেন। আমাকে রাধিকা অভিনয় করার ইচ্ছে প্রকাশ করেন। তারপর তাঁর সঙ্গে একটি মিউজিক ভিডিয়ো করেছি। এরপর থেকে তাঁর সঙ্গে আমার কোনও যোগাযোগ নেই।





























