পুবের কলম
ওয়াসিংটন ,নয়াদিল্লি ২ ফেব্রুয়ারি :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ভারত ভেনেজুয়েলার তেল কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সোমবার সন্ধ্যা পর্যন্ত ভারতের তরফ থেকে এই দাবির কোনও নিশ্চিতকরণ বা মন্তব্য পাওয়া যায়নি । ওয়াশিংটন ডিসি থেকে ফ্লোরিডা যাওয়ার পথে প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমরা (ভারত– মার্কিন যুক্তরাষ্ট্র) ইতিমধ্যেই চুক্তি করেছি—অন্তত চুক্তির ধারণাগত কাঠামোতে সম্মত হয়েছি।’ অর্থাৎ ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্যচুক্তি হওয়ার ক্ষেত্রে ভেনেজুয়েলা থেকে ভারতের তেল কেনার বিষয়টি বড় অনুঘটক হতে পারে, ট্রাম্পের কথায় সেটাই পরিষ্কার হয়েছে।
ভারতের পণ্যে যে ডোনাল্ড ট্রাম্প প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন, তার অন্যতম কারণ ছিল ভেনেজুয়েলার তেল কেনা। ২০২৫ সালের মার্চ মাসে ভেনেজুয়েলার জ্বালানি তেল কেনার কারণে ভারতসহ বেশ কয়েকটি দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে চলতি বছরের ৩ জানুয়ারি মাদুরোকে আটক করার পর কারাকাস সরকারের ওপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে ভেনেজুয়েলার তেল খাত দীর্ঘ মেয়াদে নিয়ন্ত্রণে রাখার পরিকল্পনাও করছে ওয়াশিংটন।
ভারতের কাছে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল বিক্রির উদ্যোগের পেছনে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো তেল রপ্তানি থেকে রাশিয়ার অর্জিত রাজস্ব কমানো। যে অর্থ ইউক্রেন যুদ্ধের অর্থায়নে ব্যবহৃত হচ্ছে বলে যুক্তরাষ্ট্রের দাবি। তবে ভেনেজুয়েলার তেল কীভাবে ভারতে বাজারজাত করা হবে, সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়নি সূত্রগুলো।
ভিটল বা ট্রাফিগুরার মতো আন্তর্জাতিক ট্রেডিং হাউসগুলোর মাধ্যমে, নাকি সরাসরি ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ তেল বিক্রি করবে, সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।























