পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভা ভোটের আবহে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য কার্যত ‘কল্পতরু’র ভূমিকায় অবতীর্ণ হলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নতুন প্রকল্প ‘যুবসাথী’ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ করা যাচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরুর ৪৮ ঘণ্টা পেরোনোর আগেই আবেদনকারীর সংখ্যা ১৩ লক্ষ ছুঁয়ে ফেলেছে।
রবিবার রাত ১২টা থেকে এই প্রকল্পের নির্ধারিত পোর্টালে আনুষ্ঠানিকভাবে অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম দিনেই বিপুল সাড়া পাওয়ার পর সোমবারও আবেদনকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
যোগ্য আবেদনকারীরা কর্মসংস্থান না পাওয়া পর্যন্ত অথবা সর্বাধিক ৫ বছর পর্যন্ত প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এই প্রকল্পটি আগামী ১ এপ্রিল থেকেই কার্যকর হবে। ভোটের মুখে সরকারের এই সিদ্ধান্ত বেকার যুবক-যুবতীদের মধ্যে বড়সড় স্বস্তি নিয়ে আসবে বলে মনে করছে রাজনৈতিক মহল।



























