পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার পাটনায় এক প্রকাশ্য অনুষ্ঠানে এক মুসলিম মহিলা চিকিৎসকের হিজাব সরিয়ে দেওয়ার ঘটনায় তাঁকে সমর্থন করে অশালীন মন্তব্য করে বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের মন্ত্রী সঞ্জয় নিশাদ। স্থানীয় সংবাদমাধ্যম Bharat Samachar–কে দেওয়া সাক্ষাৎকারে নিশাদ প্রশ্ন তোলেন—নিতীশ কুমার যদি “অন্য কোথাও স্পর্শ করতেন”, তাহলে কী হতো।
তিনি বলেন, “আরে, উনিও তো মানুষ। এভাবে পেছনে লেগে থাকা ঠিক নয়। নিকাব ছুঁয়েছেন বলেই এত হৈচৈ—আর যদি অন্য কোথাও ছুঁতেন, তাহলে কী হতো?” মন্তব্য করার সময় তিনি হাসছিলেন বলেও অভিযোগ। এই মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হয়। সমাজবাদী পার্টি–র নেত্রী সুমাইয়া রানা নিশাদের বিরুদ্ধে এফআইআর ও আইনি পদক্ষেপের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করেন।
প্রাক্তন কংগ্রেস বিধায়ক আসলাম শেখ মন্তব্যটিকে “জঘন্য” ও “নারীবিদ্বেষী” বলে আখ্যা দেন। তিনি বলেন, “মুসলিম নারীদের কাছে হিজাব পবিত্র। তা লঙ্ঘন করা আক্রমণের শামিল, আর তা নিয়ে ঠাট্টা করা নিন্দনীয়।” পরে নিশাদ নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, তাঁর কোনও “অশুভ উদ্দেশ্য” ছিল না। তিনি দাবি করেন, স্থানীয় ভোজপুরি ভাষায় হাসতে হাসতে অনানুষ্ঠানিকভাবে কথাটি বলেছেন, কোনও নারী, সম্প্রদায় বা ধর্মকে অপমান করার উদ্দেশ্য ছিল না।































