পুবের কলম, ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হলো দুই মাওবাদীর। বিজাপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকেই ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গুলি বিনিময় চলছে।
বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোপন সূত্রে মাওবাদী গতিবিধির খবর পেয়ে বিজাপুরের গহীন জঙ্গলে অভিযানে নামে যৌথ বাহিনী। জওয়ানদের লক্ষ্য করে জঙ্গলের আড়াল থেকে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। দীর্ঘক্ষণ চলা এই লড়াইয়ে দুই মাওবাদী নিহত হয়েছে।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে বেশকিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছে- একটি একে-৪৭ (AK 47) রাইফেল, একটি ৯ এমএম (9mm) পিস্তল, বিপুল পরিমাণ যুদ্ধ সরঞ্জাম ও মাওবাদী নথিপত্র। পাশাপাশি নিহত ২ মাওবাদীর দেহও উদ্ধার করেছে। আইজি আরও জানিয়েছেন, এনকাউন্টার এখনও সম্পূর্ণ থামেনি। জঙ্গল জুড়ে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে। ওই এলাকায় আরও মাওবাদী লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।






















