পুবের কলম, ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের বরওয়ানি জেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও খালে ফেলে দিয়ে খুনের অভিযোগে তার ১৭ বছর বয়সী এক তরুণকে আটক করেছে পুলিশ। বুধবার পুলিশের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। জেলা পুলিশ সুপার (SP) জগদীশ দাওয়ার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজপুর থানা এলাকার একটি গ্রামের বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি ইন্দিরা সাগর খাল থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্টে ওই শিশুর বিশেষ অঙ্গে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জলে ডুবে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে ওই শিশুরই এক নিকটাত্মীয় তরুণকে আটক করেছে পুলিশ। তদন্তকারী আধিকারিকদের কাছে ওই তরুণ তার অপরাধ কবুল করেছে। পুলিশ জানায়, “অভিযুক্ত জানিয়েছে, গত ২৫ জানুয়ারি রাতে পরিবারের সদস্যরা যখন ঘুমিয়ে ছিলেন, তখন সে ওই শিশুকে ঘর থেকে অপহরণ করে। এরপর তাকে নিকটবর্তী একটি খালের পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।”
ধর্ষণ চলাকালীন শিশুটি চিৎকার শুরু করলে, তাকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে খালের জলে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্ত। এর ফলেই জলে ডুবে শিশুটির মৃত্যু হয়। আটক হওয়া ওই নাবালককে জুভেনাইল কোর্টে (কিশোর আদালত) পেশ করা হবে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার আরও তদন্ত চলছে।
























