পুবের কলম, ওয়েবডেস্ক: বেঁধে দেওয়া হল নির্দিষ্ট ডেডলাইন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শেষ ধাপে দ্রুততা আনতে কড়া নির্দেশ জারি করল নির্বাচন কমিশন। কমিশনের নির্দেশ অনুযায়ী, আগামী সাত দিনের মধ্যেই রাজ্যের সমস্ত শুনানি সম্পূর্ণ করতে হবে। পাশাপাশি নোটিস জারি, শুনানি গ্রহণ এবং সংশ্লিষ্ট নথিপত্র অনলাইনে আপলোডের জন্যও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে কমিশনের পূর্ণ বেঞ্চের বৈঠকেই এই নির্দেশিকা জারি হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিশেষ রোল অবজারভার সুব্রত গুপ্ত, সমস্ত জেলার জেলা নির্বাচনী আধিকারিক (DEO) এবং নির্বাচনী নিবন্ধন আধিকারিকরা (ERO)।
নির্দেশ অনুযায়ী, ১ ফেব্রুয়ারি বিকেল ৫টার মধ্যে সমস্ত শুনানির নোটিস জারি করতে হবে। এরপর সর্বোচ্চ সাত দিনের মধ্যেই সমস্ত শুনানি শেষ করে প্রয়োজনীয় নথি নির্বাচন কমিশনের সার্ভারে আপলোড করতে হবে। ইতিমধ্যে যে শুনানিগুলি সম্পন্ন হয়েছে, সেগুলির সমস্ত নথি ২ ফেব্রুয়ারির মধ্যে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের এক শীর্ষ আধিকারিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এই সময়সীমা কোনওভাবেই শিথিল করা যাবে না। নির্ধারিত সময়ের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করাই লক্ষ্য।”
এছাড়া আগামী দুই থেকে তিন দিনের মধ্যে শুনানি কেন্দ্রগুলি থেকে সমস্ত মাইক্রো অবজারভার প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের নতুন দায়িত্ব হবে রোল অবজারভারদের সঙ্গে সমন্বয় রেখে নজরদারি আরও জোরদার করা। কমিশনের মতে, এতে প্রশাসনিক সমন্বয় আরও মজবুত হবে এবং শুনানির গতি বাড়বে। নির্বাচন কমিশনের পূর্বঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এই সময়সূচি কোনওভাবেই বদলানো হবে না বলেও কমিশন স্পষ্ট করে দিয়েছে।
উল্লেখ্য, SIR প্রক্রিয়া তদারকির জন্য অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে বিশেষ রোল অবজারভার হিসেবে নিয়োগ করেছে কমিশন। তাঁর অধীনে রোল অবজারভারদের পাশাপাশি প্রায় ৭ হাজারেরও বেশি মাইক্রো অবজারভার শুনানি প্রক্রিয়ায় নজরদারির দায়িত্বে রয়েছেন। এদিকে, উপ-মুখ্য নির্বাচন কমিশনার সঞ্জয় কুমার বৃহস্পতিবার রাজ্যে পৌঁছেছেন। তিন দিনের সফরে তিনি উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা পরিদর্শন করে SIR প্রক্রিয়ার অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখবেন বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।




























