পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব ছিল তৃণমূল সরকার, বিশেষত মনরেগার বকেয়া টাকা নিয়ে দুই পক্ষের টানাপোড়েন ছিল তুঙ্গে।
তবে সেই আবহেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গসহ দেশের বেশ কয়েকটি রাজ্যের জন্য কয়েকশো কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। ২০২৫-২৬ অর্থবছরের জন্য পঞ্চদশ অর্থ কমিশনের অনুদানের দ্বিতীয় কিস্তি হিসেবে পশ্চিমবঙ্গের জন্য মোট ৬৮০.৮৬ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
এই বিপুল পরিমাণ অর্থ রাজ্যের ২১টি জেলা পরিষদ, ৩৩৫টি ব্লক পঞ্চায়েত এবং ৩,২২৫টি গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে খরচ করা হবে। বরাদ্দকৃত অর্থ মূলত দুটি প্রধান ক্ষেত্রে ব্যয় করা হবে; প্রথমত, স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, পানীয় জল সরবরাহ ও বৃষ্টির জল সংরক্ষণের মতো পরিকাঠামোগত উন্নয়নে; এবং দ্বিতীয়ত, ত্রিস্তরীয় পঞ্চায়েতে কর্মরত কর্মীদের বেতন ও প্রশাসনিক কাজকর্মে।
উল্লেখ্য, কেবল পশ্চিমবঙ্গ নয়, বিহার, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোর জন্যও বড় অংকের টাকা বরাদ্দ করা হয়েছে। বিহারের ৩৮টি জেলা পঞ্চায়েত ও ৮,০৫৩টি গ্রাম পঞ্চায়েত এই কিস্তির সুবিধা পাবে, অন্যদিকে হিমাচল প্রদেশের জন্য বরাদ্দ করা হয়েছে ৬৮.৩০ কোটি টাকা। বকেয়া নিয়ে রাজনৈতিক চাপানউতোরের মাঝে এই অর্থ বরাদ্দ রাজ্যের পঞ্চায়েত স্তরে উন্নয়নের কাজকে অনেকটা গতি দেবে বলে মনে করা হচ্ছে।




























