পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বাই শহরে বসবাসরত “অবৈধ বাংলাদেশি” এবং জালিয়াতির মাধ্যমে জন্ম সংশাপত্র সংগ্রহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মুম্বাইয়ের নবনিযুক্ত বিজেপি মেয়র ঋতু তাওয়াদে। মেয়র হিসেবে দায়িত্ব নিয়েই তিনি দাবি করেন, বহু অবৈধ অভিবাসী ভুয়া সংশাপত্র ব্যবহার করে শহরে বসবাস করছেন। মেয়র তাওয়াদে জানিয়েছেন, বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (BMC) কর্মকর্তাদের যোগসাজশে ইস্যু করা ২৩৭টি ভুয়া সংশাপত্র ইতিমধ্যে বাতিল করা হয়েছে। তিনি নির্দেশ দিয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে সুবিধাভোগীদের কাছ থেকে এই মূল নথিগুলো বাজেয়াপ্ত করতে হবে। মেয়রের কড়া হুঁশিয়ারি, কর্মকর্তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাব আনা হবে।
জাল জন্ম সংশাপত্র ইস্যু করার অভিযোগে এ পর্যন্ত আটটি এফআইআর (FIR) দায়ের করা হয়েছে বলে মেয়র জানিয়েছেন। এই ঘটনায় স্বাস্থ্য বিভাগের দুইজন মেডিকেল অফিসারকে ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেয়র আরও অভিযোগ করেন, “অস্তিত্বহীন ব্যক্তিদের নামে জন্মসনদ জারি করা হয়েছে, এমনকি নথিতে উল্লেখিত হাসপাতালগুলোও ভুয়া ছিল।”
মেয়র তাওয়াদে দাবি করেন, তার দলের সহকর্মী এবং প্রাক্তন লোকসভা সদস্য কিরীট সোমাইয়া দীর্ঘদিন ধরে ওয়ার্ড স্তরে জন্মসনদ ইস্যু করার ক্ষেত্রে “ব্যাপক অনিয়ম”-এর অভিযোগ তুলে নথিপত্র জমা দিলেও আগে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বিএমসি-র সিভিক মেকানিজমে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে বলেন, “এখন মুম্বাইতে বিজেপি ক্ষমতায় থাকায় প্রশাসন এই ধরনের গুরুতর বিষয়গুলো উপেক্ষা করবে না।”



























