পুবের কলম, ওয়েবডেস্ক: ওড়িশার দুর্নীতি দমন শাখার (ভিজিল্যান্স) ইতিহাসে রেকর্ড গড়ল মঙ্গলবারের তল্লাশি অভিযান। খনি দপ্তরের এক উচ্চপদস্থ আধিকারিকের ভুবনেশ্বরের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে নগদ ৪ কোটি টাকা। উদ্ধার হওয়া নোটের বান্ডিলগুলো ট্রলি ব্যাগের ভেতরে স্তূপাকারে সাজিয়ে রাখা ছিল বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।
গ্রেপ্তার হওয়া ওই আধিকারিকের নাম দেবব্রত মহান্তি। তিনি ওড়িশা খনি দপ্তরের ডেপুটি ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। ভিজিল্যান্স দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে জনৈক লাইসেন্সপ্রাপ্ত কয়লা বিক্রেতার কাছ থেকে ৩০,০০০ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। অভিযোগ, ওই বিক্রেতার ব্যবসা নির্বিঘ্নে চালানোর সুবিধা করে দেওয়ার বিনিময়ে তিনি এই টাকা দাবি করেছিলেন। দেবব্রত মহান্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ভিজিল্যান্স আধিকারিকরা জানিয়েছেন, এটিই ওড়িশা দুর্নীতি দমন শাখার ইতিহাসে এখন পর্যন্ত হওয়া সবথেকে বড় অঙ্কের নগদ অর্থ উদ্ধার। এর আগে ২০২২ সালের ৭ এপ্রিল গঞ্জাম জেলার এক সহকারী ইঞ্জিনিয়ারের বাড়ি থেকে ৩.৪ কোটি টাকা উদ্ধার করা হয়েছিল, যা ছিল পূর্ববর্তী রেকর্ড।





























