পুবের কলম ওয়েবডেস্ক: এক দশক আগে ভেঙে যাওয়া সম্পর্ক ঠিক করতে যাচ্ছে মিশর ও তুরস্ক। মিশরের বিদেশমন্ত্রী সামেহ শুকরি বলেছেন, রাষ্ট্রদূত পর্যায়ে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তুরস্কের সঙ্গে ‘উপযুক্ত সময়ে’ আলোচনা হবে। প্রায় ১০ বছর পর কায়রো সফর করছেন তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলু। মিশরের বিদেশমন্ত্রীর সঙ্গে শনিবার বৈঠক করেন তিনি। এরপর যৌথ সংবাদ সম্মেলন করেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা। এ সময় তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, ‘মিশরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক যত তাড়াতাড়ি সম্ভব জোরদার করবে তুরস্ক।’ তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমরা মিশরের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব যাতে ভবিষ্যতে আমাদের সম্পর্ক ছিন্ন না হয়।’ অন্যদিকে, মিশরের বিদেশমন্ত্রী সামেহ শুকরি বলেন, ‘রাষ্ট্রদূতদের পুনঃস্থাপনের বিষয়ে আমরা উপযুক্ত সময়ে আলোচনায় বসব। এটা আসলে নির্ভর করছে একটি ইতিবাচক আলোচনার ওপর।’ ইতিবাচক বৈঠকের পর তুর্কি বিদেশমন্ত্রী জানান, ভবিষ্যতে দুই দেশের প্রেসিডেন্টের সাক্ষাতের বিষয়টি নিয়েও আলোচনা হবে। উল্লেখ্য, ২০১৩ সালে আঙ্কারার মিত্র মুহম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করা হলে তুরস্ক ও মিশরের সম্পর্কে ফাটল ধরে। পরের বছর মিশরের তৎকালীন সেনাপ্রধান আল-সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। গত মাসে তুরস্ক এবং সিরিয়ায় ভূমিকম্পের পর সংহতি দেখানোর জন্য শুকরি তুরস্ক সফর করেছিলেন।
১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
সম্পর্ক উন্নয়নের পথে মিশর-তুরস্ক, এরদোগান-সিসি বৈঠকের সম্ভাবনা
-
ইমামা খাতুন - আপডেট : ১৯ মার্চ ২০২৩, রবিবার
- 160
সর্বধিক পাঠিত




























