ভারতে ধর্ষণ, হিংসাত্মক ঘটনা এবং সন্ত্রাসবাদী কাজ মারাত্মকভাবে বেড়ে চলেছে। এই যুক্তি দেখিয়ে আমেরিকার ট্রাম্প প্রশাসন ভারতে আমেরিকার মহিলাদের সফর সম্পর্কে সতর্ক করে বিজ্ঞপ্তি জারি করেছে। আমেরিকার বিদেশ মন্ত্রকের এই বিজ্ঞপ্তির পোশাকি নাম ‘লেভেল টু অ্যাডভারসরি’। আমেরিকার মহিলাদের বলা হয়েছে, একা যেন ভারতের কোনও শহরের রাস্তায় বের না হন। কোনও পর্যটন কেন্দ্রে বেড়াতে গেলেও বেশি সতর্কতা নিতে বলা হয়েছে। ভারতের কিছু এলাকা বাড়তি ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বলা হয়েছে, ভারতে দ্রুততম হারে যে অপরাধ বেড়ে চলেছে তা হল, ধর্ষণ। বিশেষ করে পর্যটন কেন্দ্রে মহিলাদের লাএŒছনা খুব বেড়ে গিয়েছে। হিংসাও বাড়ছে। ১৬ জুন এই সতর্কতা জারি করা হয়েছে। পর্যটন কেন্দ্র ছাড়া বাস ডিপো বা স্টেশন বা বিমানবন্দরে, বাজারে, শপিংমলে, এবং সরকারি কোনও গুরুত্বপূর্ণ কার্যালয়ে যেতে নিষেধ করে বলা হয়েছে, সন্ত্রাসবাদীরা এইসব জায়গায় টার্গেট করে। তাই সাবধান। অন্যদিকে জম্মু-কাশ্মীর এবং লেহ লাদাখে একেবারেই যেতে বারণ করা হয়েছে। পহেলগাঁও তে ঘটনার পর একবার এমন সতর্কতা জারি করা হয়। ফের নতুন করে তা জারি করা ভারত সরকারের কাছে অপমানজনক। কারণ ভারতে ধর্ষণ, হিংসাত্মক ঘটনা, সন্ত্রাসী হামলা বাড়ছে মানে কেন্দ্রীয় সরকার এইসব প্রতিহত করতে ব্যর্থ।
একইসঙ্গে ভারতে মাওবাদী হামলার বিষয়েও আমেরিকার ভারত সফরে আসা নাগরিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ভারতে গেলে জিপিএস বা স্যাটেলাইট ফোন নিয়ে যেন না যান। কারণ এসব ভারতে নিষিদ্ধ। এইসব কাছে থাকলে ২ লক্ষ ডলার জরিমানা এবং তিন বছর জেল পর্যন্ত হতে পারে। কোনও পর্যটন কেন্দ্রে গেলে যেন পর্যটন বিমা করিয়ে নিয়ে যান। বিশেষ করে মহিলাদের পই পই করে সাবধান করা হয়েছে। কংগ্রেস বলেছে, আমেরিকার এই সতর্কতার অর্থ ভারত সরকারের লজ্জা এবং চূড়ান্ত ব্যর্থতা।





























