পুবের কলম ওয়েবডেস্ক : বাস চালকের আসনে খোদ রাজ্যের পরিবহনমন্ত্রী। আর কন্ডাক্টরের ভূমিকায় বিধায়ক। এমনই অভিনব ঘটনার সাক্ষী থাকলো মালদহের চাঁচোল। রবিবার নিজে বাস চালিয়ে মালদহে বাস পরিষেবার উদ্বোধন করলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম । আজ মালদহে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নতুন চাঁচোল বাস ডিপোর উদ্বোধন করেন মন্ত্রী।
রবিবার চাঁচলে এক নতুন বাস ডিপোর উদ্বোধনে গিয়েছিলেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এখান থেকে দূরপাল্লার বাস ছাড়বে আগামী সপ্তাহ থেকে। কলকাতা ও শিলিগুড়ির বাস এবার মিলবে চাঁচল থেকেই। আগে এখানে এ ধরনের কোনও বাস ডিপো ছিল না।
একইসঙ্গে কুশিদা থেকে কলকাতা এবং কুশিদা থেকে শিলিগুড়ি বাস পরিষেবার উদ্বোধন করেন মন্ত্রী । এদিন নিজেই চালকের আসনে বসে পড়ে সকলকে কার্যত অবাক করে দেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গে নতুন বাসের কন্ডাক্টরের ভূমিকায় দেখা যায় চাঁচোলের তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষকে। অসংখ্য মানুষের উপস্থিতিতে বাসস্ট্যান্ডে বাস চালান মন্ত্রী। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার নয়া চাঁচোল ডিপো থেকে বাস বের করেন মন্ত্রী।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর-সহ তৃণমূলের একাধিক বিধায়ক। এদিন মালদহে চাঁচলে নতুন বাস ডিপো উদ্বোধন করা হয়। প্রায় দুই কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে নতুন এই বাস ডিপো। একইসঙ্গে দূরপাল্লার বাস পরিষেবার চালুর ঘটনায় খুশি স্থানীয় বাসিন্দারা।

































